ডেস্ক রিপোর্ট:
দেশের শীর্ষ ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, ঋণ জালিয়াতি, কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে সরকারের মামলা করার সিদ্ধান্তের খবরে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, সুনির্দিষ্ট অভিযোগ, পর্যাপ্ত প্রমাণ এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত না করে যদি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঢালাও বা হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পখাত এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
আলোচিত যে শিল্প গ্রুপগুলোর নাম উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট গ্রুপ, নাসা গ্রুপ, নাবিল গ্রুপ, জেমকন গ্রুপ, সিকদার গ্রুপ, আরামিট গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ।
বিশ্লেষকদের মতে, দেশের বড় শিল্প গ্রুপগুলো কেবল ব্যবসা পরিচালনাই করে না; তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, রপ্তানি, উৎপাদন, কর রাজস্ব এবং ব্যাংকিং খাতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
তাদের ভাষ্য, দুর্নীতি, অর্থ পাচার, ঋণ জালিয়াতি কিংবা কর ফাঁকির মতো অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তবে এতগুলো শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের আগেই তাদের কার্যক্রম বাঁধাগ্রস্ত করা বা রাজনৈতিক বিবেচনায় টার্গেট করার ধারণা তৈরি হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিনিয়োগের অন্যতম পূর্বশর্ত হলো নীতিগত স্থিতিশীলতা, আইনের শাসন এবং সরকারের সহযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ। যদি বিনিয়োগকারীদের মধ্যে এমন ধারণা জন্ম নেয় যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও প্রতিশোধমূলক আইনি ঝুঁকির মুখে পড়তে পারে, তাহলে নতুন বিনিয়োগের গতি কমে যায়। এর প্রভাব শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর পড়ে।
তাদের আরও মত, অপরাধ অনুসন্ধান এবং রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে মূল বিবেচ্য হয়ে ওঠে তাদের কথিত রাজনৈতিক সংশ্লিষ্টতা, তাহলে তা দেশের ব্যবসায়িক পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। তবে সেই প্রক্রিয়ায় আইনের শাসন, ন্যায়বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত অপরাধীরা শাস্তি পায় কিন্তু বৈধ শিল্প ও বিনিয়োগ অযথা ক্ষতিগ্রস্ত না হয় ও আতঙ্ক তৈরি না হয়।
তাদের মতে, বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে দুর্নীতিবিরোধী অভিযান যেমন প্রয়োজন, তেমনি শিল্পখাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখাও সমান গুরুত্বপূর্ণ। তাই আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থাগুলোর প্রতিটি পদক্ষেপ যেন তথ্য-প্রমাণনির্ভর, স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট মহলের।
মন্তব্য করুন